স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি বলেছেন, বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে হবে। একই সঙ্গে তিনি জুলাইয়ের সহিংস ঘটনায় আহত ও নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মনিরুল হক সাক্কু বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিচার দ্রুত শুরু হওয়া উচিত। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের সহিংস ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।
অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, আইনজীবী এবং সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে মনিরুল হক সাক্কুর প্রতি সমর্থন প্রকাশ করেন। তারা বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সাক্কুর প্রতি জনসমর্থন ও জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।
সভায় বক্তারা জুলাইয়ের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরাও বক্তব্য রাখেন। তারা ঘটনার স্মৃতিচারণ করে বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং নিহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবি করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জুলাইয়ের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।