মোঃ শাহজাহান বাশার
কথা দিয়ে কথা রাখলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী দক্ষিণ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবে রূপ দিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ক্ষতিগ্রস্ত চার দোকান মালিকের হাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
গত ২ জুলাই নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী দক্ষিণ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ব্যবসায়ীদের মালামাল ও দোকানের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের দুরবস্থার খোঁজখবর নেন এবং সংকট কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রশাসকের সেই আশ্বাসের এক মাসের মধ্যেই বাস্তবায়ন হলো। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নাগরিকদের দুর্যোগ ও সংকটময় মুহূর্তে পাশে থাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন ঘুরে দাঁড়াতে পারেন, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হয়েছে।”
তিনি বলেন, আকস্মিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। সিটি কর্পোরেশনের সীমিত সক্ষমতার মধ্যে নগরবাসীর কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
কুসিক প্রশাসকের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয়দের মতে, দুর্যোগের সময় ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস এবং পরবর্তীতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু মানবিক প্রশাসনের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।