স্টাফ রিপোর্টার:
সা‌সেক (SASEC) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) সকাল ৯টা থেকে ২৯ জুন ২০২৬ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া, এসব এলাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ অথবা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ে পাইপলাইন স্থানান্তরের কাজ সম্পন্ন হলে পুনরায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে।

কর্তৃপক্ষ গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সাময়িক অসুবিধা মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এই পাইপলাইন স্থানান্তর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।