মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলার কান্দাপাড়া কেন্দ্রীয় মহাশ্মশান প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সাধারণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অসীম কুমার সাহার সভাপতিত্বে এবং বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় মহাশ্মশানের পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বিভিন্ন পদে প্রার্থী আহ্বান করা হলে সভাপতি পদে শ্রী রতন বসাক, সাধারণ সম্পাদক পদে শ্রী রাজকুমার নন্দী এবং কোষাধ্যক্ষ পদে পবিত্র কুমার কুণ্ডু প্রার্থিতা ঘোষণা করেন। এসব পদে তাদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি রতন বসাক ও সাধারণ সম্পাদক রাজকুমার নন্দী বলেন, কেন্দ্রীয় মহাশ্মশানের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন করাই হবে তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে পরিচালনা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানের উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।