মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বুড়িচং উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম টিপু মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
সম্প্রতি ফোনালাপে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় সাইফুল ইসলাম টিপুকে বলতে শোনা যায়, “মাদকের কোনো সুপারিশ আমার কাছে বলবেন না, আমি মাদকের বিরুদ্ধে।” তাঁর এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
ফোনালাপে তিনি মাদকসংক্রান্ত কোনো বিষয়ে সুপারিশ বা তদবির না করার জন্য ওই ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে নিজের অবস্থানও তুলে ধরেন।
স্থানীয়দের মতে, বুড়িচং উপজেলায় মাদক একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। মাদকের বিস্তার রোধে রাজনৈতিক ও সামাজিকভাবে কার্যকর ভূমিকা প্রয়োজন। এ অবস্থায় একজন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মাদকের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
সাইফুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।