এস এম মনিরুজ্জামান | স্ট্যাফ রিপোর্টার


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক বিরোধের জেরে ভাতিজাকে মারধর, গলা চেপে ধরা এবং হাতের আঙুলে কামড় দিয়ে নখ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচির বিরুদ্ধে। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মাহমুদুল হাসান সুমন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সুমনের ছোট চাচা জয়ফুল ও চাচি আরিফা বেগম তার বাড়ির বাইরে এসে হুমকি-ধমকি দিতে থাকেন। একপর্যায়ে সুমন বাড়ির বাইরে এলে অভিযুক্তরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জয়ফুল ও আরিফা বেগম সুমনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তার হাতের একটি আঙুলে কামড় দিয়ে নখ তুলে ফেলেন বলে অভিযোগ করেন সুমন।

সুমনের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী মো. মাহমুদুল হাসান সুমন বলেন, অভিযুক্তদের ভয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভূরুঙ্গামারী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত জয়ফুলের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।