জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি একসময়
শান্ত ও সৌহার্দ্যের জনপদ হিসেবে পরিচিত মানিকগঞ্জের হরিরামপুর। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা, পাল্টাপাল্টি অভিযোগ, সংঘর্ষ, হামলা ও উত্তেজনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বালুমহাল, নৌ-চ্যানেল চার্জ আদায়, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিরোধকে কেন্দ্র করে এলাকায় একাধিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। হরিরামপুরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক, এটাই আমাদের প্রত্যাশা।” তাদের অভিযোগ, ক্ষমতা ও অর্থের দ্বন্দ্বে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি সংঘর্ষ, হামলা, মামলা-পাল্টা মামলা, বিস্ফোরণের ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই মনে করছেন, বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
ব্যবসায়ী, কৃষক ও দিনমজুর শ্রেণির মানুষ বলছেন, তারা রাজনীতি বা প্রভাব বিস্তারের লড়াইয়ের অংশ নন। তারা শুধু নিরাপদ পরিবেশে স্বাভাবিকভাবে কাজ করতে ও পরিবার নিয়ে বসবাস করতে চান।
সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা। একই সঙ্গে সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, হরিরামপুর আবারও তার পুরোনো শান্ত পরিবেশ ফিরে পাবে এবং সাধারণ মানুষ ভয়ের পরিবর্তে স্বস্তি নিয়ে দৈনন্দিন জীবনযাপন করতে পারবে।