হুমায়ুন কবির, বিশেষ প্রতিনিধি, নান্দাইল, ময়মনসিংহ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে জশনে জুলুশ উদযাপিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এ আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনে বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নান্দাইলের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশটি। এ সময় অংশগ্রহণকারীরা শেষ নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ধর্মীয় স্লোগান, দরুদ ও সালাম পাঠ করেন; যার ফলে পুরো এলাকার পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও দুনিয়ায় আগমনের স্মরণে আয়োজিত এই জুলুশ থেকে তার সুমহান জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানানো হয়।
শোভাযাত্রা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।