জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারমালিককে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঙ্গা নদীর আবুডাঙ্গা অংশে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় পৃথক দুটি মামলায় ড্রেজারমালিক শরিফুল ইসলাম ও আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, “নদীর নাব্যতা রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং নদী তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমিকে ভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”