জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:


মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকোকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খালিদ সাইফুল্লাহ জিকোকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খালিদ সাইফুল্লাহ জিকো বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কারের নোটিশ দেখতে পেয়েছেন। তার দাবি, অভিযোগের বিষয়ে তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ছাত্রদলের ব্যানারে থেকে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সুযোগ নেই। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর হরিরামপুর উপজেলার গোপীনাথপুর চরপাড়া এলাকায় একটি পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে খালিদ সাইফুল্লাহ জিকোর নাম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত বা আইনি পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।