জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, “আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই একসঙ্গে থাকব—এই প্রতিজ্ঞা আজ আমাদের করতে হবে। অশুভ শক্তিকে দূরে সরিয়ে সৌন্দর্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

গতকাল (শুক্রবার) দুপুরে মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জন্মাষ্টমীর মূল শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না এবং সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “আমাদের একটাই পরিচয়—আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টান পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

মানিকগঞ্জের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, “মানিকগঞ্জ বারবার প্রমাণ করবে এটি সম্প্রীতির জেলা। এখানে ধর্ম-বর্ণের বিভেদ নেই, আমরা সবাই মানিকগঞ্জবাসী।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় খাদ্যমন্ত্রী কালীবাড়ি পূজা উদযাপন কমিটির জন্য এক লাখ টাকার অনুদান প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেউথা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।