হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ।
ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, স্কুল থেকে পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের আবারও বিদ্যালয়মুখী করতে হবে। কোনো শিশু যেন অর্থনৈতিক, পারিবারিক কিংবা সামাজিক কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
তিনি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। তাই কোনো শিশুকে বিদ্যালয়ের বাইরে রাখা যাবে না। শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে শিক্ষক, সাংবাদিক , স্থানীয় প্রশাসন এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।উপজেলা উপানুষ্ঠানিক কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেসা , সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী,শিক্ষক নেতা আমিনুল ইসলাম আঞ্জু,রফিকুল ইসলাম খান নাসিম, জাকির আহমেদ তুহিন, মোহাম্মদ জিকরুল ইসলাম সহ প্রমুখ।