গোলাম কিবরিয়া,বিশেষ প্রতিনিধি,বুড়িচং-ব্রাহ্মণপাড়া কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকায় জনি নামে এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত জনিকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ তেতাভূমি এলাকার প্রতিবন্ধী যুবক জনিকে উত্তর তেতাভূমি এলাকার আহাব্বর ও তার ভাই, ভাতিজা এবং আহাব্বরের ছেলেসহ কয়েকজন মিলে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। হামলায় জনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, হামলার পেছনে পূর্ববিরোধ কিংবা অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে হামলার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীর আরও অভিযোগ, অভিযুক্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ পণ্য ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর আহত জনির পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে একজন প্রতিবন্ধী যুবক কী কারণে হামলার শিকার হলেন এবং হামলার পেছনে প্রকৃত ঘটনা কী—তা দ্রুত তদন্ত করে বের করার দাবি উঠেছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে আহত প্রতিবন্ধী জনির নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।