নিজস্ব প্রতিবেদন
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অভিযানে ভারতীয় মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১২ জনকে গ্রেফতারের পর সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় আরও দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকার আনছারিয়া মিষ্টি ভান্ডারের সামনে থেকে রূদ্র সাহা (১৯), আপন সাহা (১৯) ও তুষার দে (২১)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার তিনজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আরও ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করেন।
আদালতে আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে ১২ জনের মধ্যে ৫ জনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা, ৪ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা এবং ৩ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে, কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযানে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলার ছিনতাইয়ের ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় তাদেরও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমনমূলক অভিযানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।