মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারের পানি সরবরাহের লাইন অবশেষে চালু হয়েছে। দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর রোববার (১৩ সেপ্টেম্বর) পানি সরবরাহ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার একদিন পর সোমবার (১৪ সেপ্টেম্বর) লাইনটি চালু করা হয়।

দীর্ঘদিন আগে পানি শোধনাগারের নির্মাণকাজ শেষ হলেও কার্যক্রম শুরু না হওয়ায় পৌরবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছিল। সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত পানি শোধনাগার চালুর দাবিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা দ্রুত পানি সরবরাহ চালু করে পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের দাবি জানান। মানববন্ধনের পরদিনই পানি সরবরাহের লাইন চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, পৌরবাসীর সুপেয় পানির সংকট দূর করতে বিপুল অর্থ ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হলেও নির্মাণকাজ শেষ হওয়ার পর দীর্ঘ সময় সেটি চালু হয়নি। ফলে প্রকল্পটি নির্মাণের উদ্দেশ্য পূরণ হচ্ছিল না। অবশেষে পানি সরবরাহের লাইন চালু হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, শুধু পানি সরবরাহের লাইন চালু করলেই হবে না; নিয়মিত, নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পৌরসভার প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে পানি পৌঁছে দেওয়ার পাশাপাশি পানি শোধনাগারের কার্যক্রম নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

রোববারের মানববন্ধনে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

এ সময় বক্তারা পানি শোধনাগার চালুর পাশাপাশি পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে এসব কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানান।

পানি সরবরাহের লাইন চালু হওয়ায় পৌরবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিত ও নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে।