দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এ নিয়ে প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও বিদ্বেষপূর্ণ প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপ প্রবাসী মোঃ আল আমিন।
দেবিদ্বার উপজেলার ৭ নম্বর এলাহাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আল আমিন এক বার্তায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রতি এ আহ্বান জানান।
স্থানীয়ভাবে আলোচনায় থাকা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন—মাসুম সরকার, কবির মুহুরী এবং আলহাজ্ব এ কে সফিউল্লাহ সরকার।
মোঃ আল আমিন বলেন, প্রত্যেক নাগরিকের নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন করার অধিকার রয়েছে। তাই যে যার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারেন এবং প্রার্থীর ইতিবাচক দিক, যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের সামনে তুলে ধরতে পারেন।
তবে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে যেন সামাজিক সম্পর্ক নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “প্রচারণা হোক, অপপ্রচার নয়। প্রতিদ্বন্দ্বিতা হোক, বিদ্বেষ নয়। মতামত থাকুক, অপমান নয়। রাজনৈতিক প্রতিযোগিতা হোক, সামাজিক সম্পর্ক নষ্ট করে নয়।”
তিনি আরও বলেন, একজনের পছন্দের প্রার্থী অন্যজনের পছন্দের নাও হতে পারেন। এটাই গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক চিত্র। তাই ভিন্নমতকে সম্মান করে প্রত্যেক প্রার্থীর যোগ্যতা, কর্মপরিকল্পনা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত।
স্থানীয় নির্বাচনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে জনগণকে স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান তিনি।
মোঃ আল আমিনের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাই একই এলাকার মানুষ। নির্বাচনের প্রতিযোগিতা শেষ হয়ে গেলেও সামাজিক ও পারিবারিক সম্পর্ক থেকে যায়। তাই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিভাজন, কাদা ছোড়াছুড়ি বা ব্যক্তিগত আক্রমণ কাম্য নয়।
তিনি সম্ভাব্য সব প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত আক্রমণ নয়, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণের প্রতিশ্রুতিই হোক নির্বাচনী প্রচারণার মূল বিষয়।