মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের শাহজাদপুরে চোরাই জ্বালানি তেল ও ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে ভেজাল ভোজ্যতেল তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিক মো. রকি মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গঙ্গাপ্রসাদ এলাকায় মহাসড়কের পাশে একটি ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানা মালিকের স্বীকারোক্তিও পাওয়া যায় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ-সংক্রান্ত আইনে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটির উৎপাদন ও পরিচালনার বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। এ ছাড়া উত্তরবঙ্গ ট্যাংলরি ইউনিয়নের সভাপতি আজিজুল হক গেদা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম বলেন, অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও প্রক্রিয়াজাত করার অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি কারখানা মালিকের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।