মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা মালামালের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।