মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকোলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি সামনে থাকা আরএফএল-এর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে অটোরিকশার যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত আরও দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া এলাকায় নিয়ে যান।

শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।