মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ, গাইবান্ধা


গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে পড়ে আবু সাঈদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলকার তেলিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় শিশু আবু সাঈদ পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পানির ভেতর থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোকের সৃষ্টি হয়েছে।