মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে এই উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর পৌরসভার প্রশাসক সাবরিনা শারমিনের দিকনির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মক্ষেত্রে উদ্ভাবনী চিন্তার প্রসার এবং সময় ও সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো উৎপাদনশীলতা বৃদ্ধি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু পরিশ্রম করলেই হবে না, কাজের সঙ্গে আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটাতে হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের জন্য নতুন নতুন ধারণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি শুধু শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই নয়; কৃষি, শিক্ষা, সরকারি সেবা, স্বাস্থ্যসহ অর্থনীতির প্রতিটি খাতে এর গুরুত্ব রয়েছে। প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতি, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সেবার মান ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।