মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি

বিয়ের চার মাসের মাথায় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশুলিয়ার বাসিন্দা সাইদুর রহমানের দায়ের করা অভিযোগে মিনারা বেগম ছাড়াও তার দুই সহযোগী মো. মোশারফ হোসেন মন্জু ও মোতালেব মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।
সাইদুর রহমানের পরিবার জানায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর চার মাস আগে মিনারা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু গত ২৬ মে ঘর থেকে নগদ ৩ লাখ টাকা এবং ৬ লাখ ৯২ হাজার টাকা সমমূল্যের ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে মিনারা চম্পট দেন। এর আগে তিনি পরিবারে বিভেদ ও অশান্তি তৈরি করেছিলেন।
সাইদুরের সন্তান সাইমুন ও তানিসা জানায়, সুকৌশলে বিশ্বাস অর্জন করাই ছিল মিনারার মূল উদ্দেশ্য। স্থানীয় প্রতিবেশীরা জানান, বিয়ের পর নতুন স্ত্রীকে বেশ কিছু অলংকার কিনে দিয়েছিলেন সাইদুর। ঘটনার পর থেকে অভিযুক্তের মোবাইল নম্বর বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।