চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা


চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি)-এ দক্ষ জনশক্তি তৈরিতে উন্নত প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিকেটিটিসি চট্টগ্রামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় আধুনিক ও যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রশিক্ষিত জনশক্তির জন্য দেশ-বিদেশে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। সংশ্লিষ্টরা মনে করেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে আরও আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও বাড়ানো যেতে পারে।

এ উদ্যোগ দক্ষ জনশক্তি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), চট্টগ্রামের ড্রাইভিং উইথ অটো-মেকানিক্স বিভাগের প্রশিক্ষক তানভীর আলম (BMET)।