মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরপর দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাখোলা গ্রামের করতোয়া নদীসংলগ্ন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত হয়। নিহত সবুজ হাবিবুল্লাহনগর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রহম আলীর ছেলে।
নিহতের বাবা রহম আলী জানান, গত ৭ জুলাই থেকে সবুজ নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন।
এদিকে একই দিন উপজেলার মমিপুর গ্রাম থেকে মিম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাসেলকে আটক করা হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত সবুজের বিরুদ্ধে থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে তার সহযোগীরাই হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, মিম হত্যার ঘটনায় তার স্বামী রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।