মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৭ জনসহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যান।

থানা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ১০ মিনিটে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ টহল ও গ্রেফতারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, শাহজাদপুর থানার দারিয়াপুর এলাকার কুমারচড়া নামক স্থানে জনৈক বাবুর ডিপ কলের সামনে কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১২টা ৪৫ মিনিটে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলার আসর থেকে পালানোর চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করা হয়। অন্যদিকে, আরও ১৭ জনসহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

পরে আটক ব্যক্তিদের কাছ থেকে এবং জুয়ার আসর থেকে তিন প্যাকেট নতুন তাস, একটি প্লাস্টিকের চট ও নগদ ২ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে শাহজাদপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।