মোহাম্মদ হোসাইন:


কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে যুব নেতৃত্বাধীন মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদের হলরুমে আলী আকবরপাড়া মেঘনা ইয়ুথ পিস ক্যাফের উদ্যোগে এ আয়োজন করা হয়।

“Youth-Led Initiative: Youth Mental Health Awareness for a Peaceful Community” শীর্ষক এ আয়োজনে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই শতাধিক ইয়ুথ পিস বিল্ডার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাহামা আক্তার, SHED-এর প্রতিনিধি আসিফ তাইজুল, স্থানীয় এনজিও উদয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল, SHEY-এর প্রতিনিধি ইমরানসহ অন্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পিস বিল্ডার মোহাম্মদ সোহেল ও পিস চ্যাম্পিয়ন সাগরিকা আক্তার।

আয়োজনে যুবদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে যুবদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় মানসিক স্বাস্থ্যের যত্ন, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সংকট মোকাবিলায় যুবদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া হ্নীলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে অংশ নেওয়া প্রায় ৫২ জন পিস বিল্ডার ইউনিয়নের যেকোনো এলাকায় দুর্যোগসহ বিভিন্ন বিপদ-আপদে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হন।

আয়োজনে অংশগ্রহণকারী ইয়ুথদের জন্য নাশতারও ব্যবস্থা করা হয়।

SHED ও ActionAid-এর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত “Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar” প্রকল্পের আওতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।