মোঃ মহিবুল্লাহ মেহেদী,সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ভেসে আসা এক অজ্ঞাত বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্তে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কোনো স্বজনের সন্ধান না মেলায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি দাফন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঘব-গেন্দুরাম এলাকার মাঝামাঝি ‘মাইডেলের সোতা’ নামক স্থানে একটি কাঠের সাঁকোর নিচে বন্যার পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় ইউপি সদস্য মো. শাহা আলম কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) জুলিয়াস রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধারের সময় উপস্থিত কেউই ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেননি। এরপর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

ইন্সপেক্টর মো. সেলিম রেজা জানান, টানা বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট বন্যার স্রোতে মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহটি অর্ধগলিত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় বা মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, প্রয়োজন হলে পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরবর্তীতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলা প্রশাসনের অনুমতিক্রমে আঞ্জুমান মুফিদুল ইসলাম, গাইবান্ধার ব্যবস্থাপনায় জেলা পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।