নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

​সম্প্রতি দৈনিক ‘জনবাণী’ পত্রিকা (০২ অক্টোবর ২০২৬ ইং সংখ্যা) এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্ম ‘নরসুন্দা নিউজ ২৪’-এ “নান্দাইলে মাদ্রাসার দুর্নীতি তদন্ত শেষে অন্য প্রতিষ্ঠানে রুদ্ধদ্বার বৈঠক ও আপ্যায়ন” শিরোনামে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা, অসন্তোষ ও সুনির্দিষ্ট প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. নুরুল আমিন।

​প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি (আহ্বায়ক: ট্রেইজারার মো. শাহীনুল ইসলাম, সদস্য: ডীন মুহাম্মদ গোলাম রব্বানী ও সহকারী রেজিস্টার বেলায়েত হোসেন) আচারগাঁও ফাজিল মাদ্রাসার তদন্ত কার্যক্রম পরিচালনা শেষে নিরপেক্ষতা ক্ষুণ্ন করে ঘোষপালা ফাজিল মাদ্রাসায় রুদ্ধদ্বার বৈঠক ও আপ্যায়নে অংশ নেন।

​উক্ত সংবাদের প্রেক্ষিতে আচারগাঁও ফাজিল মাদ্রাসার সভাপতি মো. নুরুল আমিন লিখিত এক প্রতিবাদ লিপিতে জানান:
​”দৈনিক ‘জনবাণী’ ও অনলাইন প্ল্যাটফর্ম ‘নরসুন্দা নিউজ ২৪’-এ প্রকাশিত সংবাদটিতে আমাকে জড়িয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, গত ২৮ সেপ্টেম্বর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের গঠিত প্রতিনিধি দল সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে শতভাগ বিধিসম্মতভাবে আচারগাঁও ফাযিল মাদ্রাসায় তদন্ত কাজ সম্পন্ন করেন। সেখানে কোনো প্রকার গোপন/রুদ্ধদ্বার বৈঠক কিংবা অনৈতিক লেনদেনের মতো ঘটনা ঘটেনি।”

​তিনি আরও বলেন:
​”কোনো বস্তুনিষ্ঠ তথ্য যাচাই বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য না নিয়েই মনগড়া তথ্য প্রচারের মাধ্যমে আমার সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমি উক্ত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও সুনির্দিষ্ট প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংবাদটির সপক্ষে নির্ভরযোগ্য প্রমাণ ও যথাযথ ব্যাখ্যা দাবি করছি।”

​সভাপতি মো. নুরুল আমিন এ বিষয়ে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান এবং মনগড়া সংবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার ইঙ্গিত দেন।

​(প্রতিবাদকারী)
মো. নুরুল আমিন
সভাপতি, আচারগাঁও ফাজিল মাদ্রাসা
নান্দাইল, ময়মনসিংহ