নিজস্ব প্রতিবেদক: দেশের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যগুলোর শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা ফাতেমা তুজ জোহরার ব্যাগেজ তল্লাশি করে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁর ব্যাগেজ সন্দেহজনক মনে হলে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালান। জব্দ করা পণ্যগুলোর শুল্ককরসহ আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওই ফ্লাইটের যাত্রী তানবীর হাসান রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতর থেকে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয়।

একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ করা স্বর্ণের শুল্ককরসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন যাত্রীর কাছ থেকে মোট ৯০২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭০২ গ্রাম স্বর্ণবার এবং ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার রয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণসহ উচ্চমূল্যের পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিভিত্তিক যাত্রী শনাক্তকরণ এবং অভিযান অব্যাহত থাকবে।