মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে উপজেলার ৯২টি পূজামণ্ডপে সম্মিলিতভাবে মোট ৫৮২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এ উপলক্ষে আয়োজিত দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনগত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুর ইসলাম।

প্রশাসন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন।

সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা ও সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।