হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জে সাপ্তহিক কেনাকাটা বা কেনাকাটার কাজে বের হওয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মো. হুসাইন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা মমতাজ খাতুন শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হুসাইনের পাশাপাশি তাকে সহায়তা ও ইন্ধন দেওয়ার অপরাধে তাঁর পরিবারের দুই সদস্যসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্র থেকে জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের নবযুগ মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন প্রতিবেশী হায়েত আলীর ছেলে হুসাইন। বারংবার নিষেধ করা সত্ত্বেও তিনি অনৈতিক প্রস্তাব অব্যাহত রাখেন। বিষয়টি মেয়ে তাঁর মাকে জানালে, মা মমতাজ খাতুন অভিযুক্তের মা-বাবাকে বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে হুসাইন ওই ছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দেন।
পরবর্তীতে গত ১০ অক্টোবর বিকেলে ওই ছাত্রী বাড়ি থেকে পাশের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হলে দক্ষিণ রঘুনাথপুর মুদি দোকানের সামনের সড়কে ওঁৎ পেতে থাকা হুসাইন জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে কৃষ্ণনগর বাজারের দিকে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী হিসেবে দক্ষিণ রঘুনাথপুর গ্রামের কয়েকজন বাসিন্দা এ ঘটনার সাক্ষী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরিশেষে আইনগত ব্যবস্থার শরণাপন্ন হন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. হুসাইনের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অভিযুক্তকে আটক ও নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।