আল আলী হোসেন জনি, স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ের মাধ্যমে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, যানজট নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশনা দেন।

ডিআইজি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।