মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নম্বর বেলকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চান্দের মোড় থেকে উত্তর দিকে নির্মিত ৩১৪ ফুট সিসি ঢালাই সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির শহিদুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছামিউল ইসলাম, দহবন্দ যুব বিভাগের সভাপতি হুমায়ন কবির, ৪ নম্বর বেলকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রধান অতিথি শহিদুল ইসলাম মঞ্জু তাঁর বক্তব্যে বলেন, “জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তা সাধারণ মানুষের উপকারে আসে। এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।