জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:


মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মো. গোলাম রসূল (শাহীন)। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত অর্থায়নে পূজা উদযাপনে সহায়তা দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা রেজাউল খান (রতন), বলড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদল ও সোহেল খান, বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিদ হাসান বাদল। এ ছাড়া বয়ড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় মৃধা মো. গোলাম রসূল (শাহীন) বলেন, “আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে আছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারও আপনাদের পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি দুর্গোৎসবের আনন্দ, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে বলড়া ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।