কুমিল্লা (বুড়িচং) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মো. এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই নবনিযুক্ত সভাপতি মো. এমদাদুল হক ধীমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে মো. এমদাদুল হক ধীমান বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি বলেন, “দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও নানা চ্যালেঞ্জ রয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর। তাই শিক্ষকদের আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “অভিভাবকদের সচেতন করে তোলার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে পাঠদান করতে হবে। পাশাপাশি সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর রাখা এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব।”
সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।