মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিজয়া দশমীর মাধ্যমে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করায় প্রতিমন্ত্রী ও এমপি ড. এম এ মুহিতসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট সব দপ্তর এবং রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। তাঁদের মতে, সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মনোভাবের কারণে পূজারীরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পেরেছেন।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়। দিনভর ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।
বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের চরণে প্রণাম এবং ভক্তদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। ঢাক-ঢোল ও শঙ্খধ্বনির আবহে দেবী দুর্গাকে বিদায় জানানোর সময় ভক্তদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবের শেষ দিনে সনাতনী নারীরা সিঁদুর খেলায় অংশ নেন। তাঁরা দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ করে একে অপরকে সিঁদুর পরিয়ে দেন এবং পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
মন্দির কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শাহজাদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের এই পরিবেশ ভবিষ্যতেও অটুট থাকবে। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্যাপনের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটলেও ভক্তদের হৃদয়ে রয়ে গেছে আগামী বছরের দুর্গাপূজাকে ঘিরে নতুন প্রত্যাশা ও অপেক্ষা।