কাজী আব্দুল আজিম (সুমন), বিশেষ প্রতিনিধি
সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারা এবং পরবর্তীতে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরবর্তীতে সৌদি আরবে যেতে পারলে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে তাঁদের এন্ট্রি সম্পন্ন হবে বলেও তিনি জানান।
গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে সৌদি আরবে দক্ষ কর্মী অভিবাসনবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ।
আলোচনা সভায় বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী কর্মীদের অভিবাসন ব্যয় কমানো, ভিসা যাচাইপ্রক্রিয়া সহজীকরণ এবং বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশের আইনকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।