হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ।

ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​গত ২০ মার্চ ২০২৩ তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দিয়ে মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।

​এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় সাধারণ জনগণ ও তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথ—সবখানেই এখন একটাই দাবি, “জনতার মেয়র পিকুলের অব্যাহতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে”।

​রাজপথের পরীক্ষিত সৈনিক:-
​নেতা-কর্মীরা জানান, আজিজুল ইসলাম পিকুল দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ১৭ বছরের বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

​রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে ৫৩টি মামলা রয়েছে।

​একাধিকবার কারাবরণ ও রিমান্ডে নির্যাতনের শিকার হলেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন কর্মীরা।

​তৃণমূলের ক্ষোভ ও দাবি:-
​স্থানীয় বিএনপির তৃণমূল কর্মীদের মতে, পিকুলের মতো ত্যাগী নেতাকে সরিয়ে দেওয়া হলে দলের মনোবল ভেঙে পড়বে।

​তাদের প্রধান দাবিগুলো হলো:-
১/ ​অবিলম্বে অব্যাহতি আদেশ প্রত্যাহার
২/ ​ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন
৩/ ​দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা

​কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ:-
​বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

​তৃণমূলের ভাষা, নান্দাইলে বিএনপির সাংগঠনিক শক্তি ধরে রাখতে আজিজুল ইসলাম পিকুলের মতো নেতৃত্ব অপরিহার্য।