মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

‘Be a Hand Washing Hero’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রিপন মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, ওসি (তদন্ত) নাজমুল কাদের এবং শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি জাফর লিটন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর ও সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় হাত ধোয়ার সঠিক পদ্ধতি অনুসরণ এবং দৈনন্দিন জীবনে এ অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা এ বিষয়ে আলোচনা করে বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং বিভিন্ন কাজ শেষে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই নিজের পাশাপাশি পরিবারের সদস্যদেরও হাত ধোয়ার বিষয়ে সচেতন করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ সমাজ গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চার বিকল্প নেই।

বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।