জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাতের অভিযোগে মানিকগঞ্জে ফ্ল্যাশ ও বেঙ্গল স্পেশাল ব্র্যান্ডের ১ লাখ ৬২ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ হাটের একটি গোডাউন এবং খালপাধোয়া গ্রামের ব্যবসায়ী শহীদুল ইসলামের বাড়ি থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়।

অভিযানের সময় ব্যবসায়ী শহীদুল ইসলাম ও সংশ্লিষ্ট সিগারেট কোম্পানির টেরিটরি সেলস অফিসার (টিএসও) রিফাত সরে পড়েন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় এসব সিগারেটের অবৈধ বাণিজ্য চলে আসছিল। এ ব্যবসার পেছনে স্থানীয় একটি মহলের মদদ রয়েছে বলেও দাবি তাঁদের।

বাংলাদেশ হাট ও তিল্লি বাজারের কয়েকজন খুচরা ব্যবসায়ী জানান, শহীদুল ইসলামের কাছ থেকে সিগারেট কেনার সময় বৈধ কাগজপত্র দেখতে চাইলে বিভিন্ন অজুহাত দেওয়া হতো। তবে পাঁচ টাকা দামের সিগারেটের চাহিদা থাকায় তাঁরা তাঁর কাছ থেকে এসব সিগারেট সংগ্রহ করতেন বলে জানান ব্যবসায়ীরা।

এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের সহকারী কমিশনার সাঈদ হাসান তাহের বলেন, অভিযানে ১ লাখ ৬২ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।