মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে জব্দ করা ১৬ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত বাজারমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে।
সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, “অবৈধভাবে সার মজুদ ও বিতরণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।