মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিনজনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। এর আগে একই দিন দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন ওই তিন ব্যক্তি। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।