জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং বিচারিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ইউআরটি সদস্যরা অংশ নেন। এ সময় ইউনিয়নভিত্তিক মামলার বর্তমান অবস্থা, গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি এবং সাধারণ মানুষের জন্য স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. মাসুম মিয়া গত তিন মাসের ইউনিয়নভিত্তিক মামলার অগ্রগতি এবং মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, মামলা গ্রহণ ও নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি এবং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রতি মাসে কমপক্ষে পাঁচটি মামলা গ্রহণ এবং চারটি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পাশাপাশি যেসব ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচারিক এজলাস রয়েছে, সেখানে নিয়মিত বিচার কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া মামলার নথিপত্র নিয়মিত হালনাগাদ রাখা, বিচারপ্রার্থীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ সাধারণ মানুষ, হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের সেবা আরও সহজলভ্য করা সম্ভব। এতে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথও সুগম হবে।