মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও গোডাউনের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের নৈশপ্রহরী প্রথমে আগুন দেখতে পান। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পীরগাছা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। দুই ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার দোকান ও পাশের দুটি গোডাউনে। পরে আগুনের লেলিহান শিখা পাশের তার ভাই মো. এরশাদ মিয়ার কাঠের দোকান এবং মোঃ হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মিজানুর রহমানের মুদি দোকান ও দুটি গোডাউনে প্রায় ২৫ লাখ টাকার মালামাল, এরশাদ মিয়ার কাঠের দোকানে প্রায় এক লাখ টাকা এবং হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩ লাখ টাকা।

হঠাৎ এমন অগ্নিকাণ্ডে ব্যবসার পুঁজি ও দীর্ঘদিনের সঞ্চিত মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পর সুন্দরগঞ্জ ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও গোডাউন পরিদর্শন করেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোফার মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।