জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে চার হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হেলাল উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁদিয়াখালী ইউনিয়নের সাইরাখালী গ্রামের মো. সৈয়দ বাদশার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের নিকটবর্তী বিআইডব্লিউটিএর টোলঘরের দক্ষিণ পাশে ধুতরাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হেলাল উদ্দিনের দেহ তল্লাশি করে ২০টি নীল রঙের পলিপ্যাকে লুকিয়ে রাখা মোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ হেলালকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।