হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | ​নান্দাইল ময়মনসিংহ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে সদ্য নির্মিত একটি গ্রামীণ সড়কের সলিংয়ের ইট তুলে নেওয়ার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার (১ নভেম্বর) আয়োজিত এই কর্মসূচি থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানানো হয়।

​হালিউড়া গ্রামের ৪ দশক ধরে অবহেলিত থাকা এই রাস্তাটি সম্প্রতি নতুন রূপ পেয়েছিল। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের টিআর-কাবিখা প্রকল্পের আওতায় সড়কটিতে ইটের সলিংয়ের কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রকল্প সভাপতি সাইমন হাসান ঝুমন ভূঁইয়া। কিন্তু কাজ শেষ হওয়ার পরপরই একদল দুর্বৃত্ত রাতের আঁধারে বা সুযোগ বুঝে রাস্তার সলিংয়ের ইট তুলে নিয়ে যায়, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

​মানববন্ধনে বক্তাদের ক্ষোভ ও দাবি:-
মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিশিষ্টজনেরা ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। বক্তারা জানান, রাজাবাড়িয়া-খারুয়া সড়ক থেকে হালিউড়া দারুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তাটি এলাকার কয়েক গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের চলাচলের একমাত্র ভরসা। হঠাৎ এভাবে রাস্তা থেকে ইট তুলে নেওয়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

​সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আব্দুস সাত্তার, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন, খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল এবং প্রকল্প সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইমন হাসান ঝুমন ভূঁইয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে এই হীন কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

​প্রশাসনের বক্তব্য ও পদক্ষেপ:-
এ বিষয়ে নান্দাইল উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন।

​নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।”