মোঃ শাহজাহান বাশার

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ পুরিয়া হেরোইনসহ মোঃ মাহমুদুল হক তালুকদার ওরফে শানু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন কুমরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

এ সময় কুমরাইল এলাকার বাসিন্দা মোঃ মাহমুদুল হক তালুকদার ওরফে শানুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শানুর বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।