জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খাগড়াছড়িতে আয়োজিত ‘বন ও প্রাণের উৎসব-২০২৬’-এ সম্মাননা পেয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পরিবেশবাদী সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।
গত ৩১ অক্টোবর (শনিবার) খাগড়াছড়ি জেলার পিটাছড়ায় আয়োজিত এ উৎসবে সংগঠনটিকে ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ সম্মাননা’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এবং উৎসবের আয়োজক পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ রাসেলের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’-এর কর্মী প্রবাস হালদার।
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দীর্ঘদিনের কার্যক্রম, পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সংগঠনটিকে এ সম্মাননা দেওয়া হয়।
এ অর্জনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। তাঁদের মতে, এ সম্মাননা কোনো একক ব্যক্তির অর্জন নয়; বরং সংগঠনের সব কর্মী, সংগঠক ও শুভানুধ্যায়ীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, এ সম্মাননা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাওয়া সকল কর্মী, সংগঠক ও শুভানুধ্যায়ীর প্রতি উৎসর্গ করা হয়েছে।
ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য রক্ষায় নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।