মোহাম্মদ হোসাইন:
কক্সবাজারের টেকনাফে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রকাশ্য দিবালোকে মো. রুহান নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর গভীর রাতে অজ্ঞাতনামা মোবাইল ফোন নম্বর থেকে শিশুটির পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ব্লকে।
অপহৃত শিশু মো. রুহান ওই ক্যাম্পের ৯ নম্বর ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ তৈয়ব এবং মাতার নাম মরিয়ম।
পরিবারের অভিযোগ, গতকাল বিকেল ৫টার দিকে শিশুটিকে প্রকাশ্যে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গভীর রাতে অজ্ঞাতনামা মোবাইল ফোন থেকে যোগাযোগ করে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটির লাশও খুঁজে পাওয়া যাবে না বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অপহৃত শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।