মোহাম্মদ হোসাইন
জেলা প্রতিনিধি কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকা থেকে রোপালী নাথ (৪০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এদিকে মায়ের ফিরে আসার অপেক্ষায় দিন কাটছে তাঁর দুই সন্তানের। সন্তানদের কান্না ও অপেক্ষায় ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ রোপালী নাথের পিতার নাম বাবুল নাথ এবং মাতার নাম সন্ধ্যা রানী নাথ। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট, শারীরিক গঠন স্বাভাবিক, মুখমণ্ডল গোলাকার এবং ঠোঁটে কাটা দাগ রয়েছে। তিনি মানসিক রোগে আক্রান্ত বলে জানিয়েছে পরিবার।
জানা যায়, রোপালী নাথের স্বামী ২০২০ সালে মারা যান। এরপর থেকে দুই সন্তানকে নিয়ে বসবাস করছিলেন তিনি। গত ২ ফেব্রুয়ারি হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাকে হারিয়ে দুই সন্তান চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। কখন মা ফিরে আসবেন, সেই আশায় প্রতিনিয়ত পথ চেয়ে রয়েছে তারা। সন্তানদের এমন আকুতি পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। তবে জিডি করার পরও এখন পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা রোপালী নাথকে খুঁজে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
কেউ রোপালী নাথের সন্ধান পেলে অথবা তাঁকে কোথাও দেখতে পেলে নিকটস্থ থানায় কিংবা পরিবারের নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।